মো. আলী হাসান, জয়পুরহাট
ডিসেম্বর ২১, ২০২৫, ০৪:৫১ পিএম
উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শুরু হয়েছে চার দিনব্যাপী 'আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫'।
রোববার সকালে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন। উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাডেটদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিসীম গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে শৃঙ্খলা ও খেলোয়াড়ি সুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো: সাইফুল আলম, এ্যাডজুটেন্ট মেজর মাহাজেবিন খান এবং মেডিক্যাল অফিসার মেজর নাজমিন আক্তার মৌ।
৪ দিনব্যাপী এই আসরে কলেজের চারটি হাউসের ক্যাডেটরা মোট ২৫টি ভিন্ন ভিন্ন ইভেন্টে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে। ক্যাডেটদের পাশাপাশি কলেজের কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী ও তাঁদের পরিবারবর্গের জন্যও বিশেষ ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ক্যাডেটদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
আগামী ২৪ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
জেএইচআর