এম.এস.আরমান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:১৬ পিএম
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামকে ঢাকার একটি হত্যা মামলায় ‘গায়েবি আসামি’ করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কোম্পানীগঞ্জ।
মঙ্গলবার দুপুরে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও জিরো পয়েন্টে সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা দল।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি সাহানা পারভীন বলেন, “মো. ফখরুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। জুলাই বিপ্লবের পর তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলায় জড়িয়েছে। তিনি নোয়াখালী-৫ আসনে তারেক রহমানের সুযোগ্য প্রতিনিধি। আমরা এই ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
বক্তারা অভিযোগ করেন, গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর সেখ নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় সম্পূর্ণ অন্যায়ভাবে মো. ফখরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ঘটনার সময় তাঁরা এলাকায় অবস্থান করছিলেন।
উপজেলা মহিলা দলের নেত্রী রওশন আরার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নাঈমা ফেরদাউস ববি, জোসনা আরাসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা থেকে ফখরুল ইসলামের নাম প্রত্যাহার করা না হলে কবিরহাট ও কোম্পানীগঞ্জে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় কুষ্টিয়ার সোহানুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত মামলা যা আগামী নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা মাত্র।
ইএইচ