সরিষাবাড়ী প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:২৯ পিএম
তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষের দ্বারে দ্বারে শীতবস্ত্র নিয়ে পৌঁছে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিমুজ্জামান।
বৃহস্পতিবার রাতে তিনি পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিজ হাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
সরেজমিনে দেখা যায়, ইউএনও তাসনিমুজ্জামান গভীর রাতে রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, বাজার মোড় ও বিভিন্ন এতিমখানায় অবস্থানরত অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে হঠাৎ প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে এবং তাঁর হাত থেকে শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রেলস্টেশন ও ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষগুলো।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও তাসনিমুজ্জামানের সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া তমাল, বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার, আবু সালেহ ইমরান এবং ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। কনকনে শীতে কোনো অসহায় মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রকৃত দুস্থদের মাঝে পর্যায়ক্রমে এই কম্বল পৌঁছে দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
ইএইচ