টাঙ্গাইল প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:৩৪ পিএম
‘শতবর্ষের আহ্বানে, বিজয়ের জয়গানে, এসো মিলিত হই শেকড়ে’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব উদযাপিত হয়।
শতবর্ষের এই মাহেন্দ্রক্ষণে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। দীর্ঘকাল পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে প্রবীণ শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। শৈশবের স্মৃতি রোমন্থন আর একে অপরের খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে দিনটি এক মিলনমেলায় পরিণত হয়।
উৎসবের কর্মসূচির মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য র্যালি, কৃতি শিক্ষার্থীদের স্মারক ও ক্রেস্ট প্রদান, দোয়া মাহফিল, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় র্যাফেল ড্র।
ডুয়েটের অধ্যাপক প্রকৌশলী ড. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুর রাজ্জাক, ডা. কায়েম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দীন, দাতা সদস্য শামীম আহমেদ তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক মাহফিজুর রহমান ও সদস্য সচিব কামরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্ণ করা বিশাল গৌরবের বিষয়। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনেও এই বিদ্যালয়টি মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রসারে আলোকবর্তিকা হয়ে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ