আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:২৬ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তানের জননী সানিয়া আক্তার (১৯)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী নাজমুল শেখকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার (২২ ডিসেম্বর) রাতে প্রবাস ফেরত নাজমুলকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার তাঁকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে। নিহত সানিয়া একই গ্রামের নাজমুল শেখের স্ত্রী এবং বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের মেয়ে।
সানিয়ার পরিবারের দাবি, এটি সাধারণ কোনো আত্মহত্যার ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের পিতা নাছির উদ্দিন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বছরখানেক আগে সানিয়া ও নাজমুলের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের কোলজুড়ে মাত্র ৪০ দিন বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের বাবার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সানিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন নাজমুল ও তার পরিবারের সদস্যরা। এমনকি ঘটনার আগের রাতেও সানিয়াকে মারধর করা হয়েছিল। এক পর্যায়ে তাকে চরম পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে বলে দাবি স্বজনদের।
পুলিশ জানিয়েছে, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।