দিরাই প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:৪১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত শেষ দিনে প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরে তাদের আবেদনপত্র জমা দেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী; সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল; বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির; জমিয়তে উলামায়ে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ; বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন এবং স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সনজিব সরকার ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিনভর নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ইএইচ