ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় ১১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:১৪ পিএম

কুমিল্লায় ১১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুমিল্লায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিনে হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কুমিল্লার আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চিত্র নিচে তুলে ধরা হলো

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস): এই আসনে ১৪ জন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১২ জন। এখানে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা): ১৫ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ১১ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর): এই আসনে ১৩ জন ফরম নিলেও জমা দিয়েছেন ৯ জন প্রার্থী।

কুমিল্লা-৪ (দেবিদ্বার): ১৪ জন প্রার্থীর মধ্যে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁর বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জন জমা দিয়েছেন। এখানে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন হাজি জসিম উদ্দিন।

কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন-সেনানিবাস): ১৪ জনের মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মনিরুল হক চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়বেন কাজী দ্বীন মোহাম্মদ। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

কুমিল্লা-৭ (চান্দিনা): এই আসনে মনোনয়নপত্র সংগ্রহের হার ছিল শতভাগ। ৯ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা-৮ (বরুড়া): বরুড়া আসনেও ১০ জন প্রার্থীর সবাই তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপির কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এবং জামায়াতের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল প্রার্থী হিসেবে রয়েছেন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): ১৮ জন প্রার্থীর মধ্যে ১৫ জন জমা দিয়েছেন। এখান থেকে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং জামায়াতে ইসলামীর ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই): এই আসনে ৭ জন ফরম নিলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন ৯ জন (পুনঃতফসিল বা বিশেষ বিবেচনায় সংখ্যা বৃদ্ধি)। এখান থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপির কামরুল হুদা এবং জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে।

ইএইচ

Link copied!