কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:৩১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা আনন্দঘন পরিবেশে তাঁদের মনোনয়ন ফরম জমা দেন।
সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের তথ্যমতে, আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা চট্টগ্রামের জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উপস্থিত হয়ে এসব মনোনয়নপত্র হস্তান্তর করেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ৫টি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩টি এবং কর্ণফুলী উপজেলা কার্যালয়ে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।
দাখিলকৃত মনোনয়নপত্র অনুযায়ী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত মোহাম্মদ ইমরান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেজাউল মোস্তফা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস. এম. শাহজাহান। এ ছাড়াও স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মো. মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ এমরান ও সরওয়ার জামাল নিজাম তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, আলী আব্বাস নামের অপর এক প্রার্থীর মনোনয়ন ফরমে তথ্যগত ভুল থাকায় তিনি বিকেল পর্যন্ত তা সংশোধন করেননি। ফলে তাঁর প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। প্রতীক বরাদ্দ ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সম্পন্ন হবে। চট্টগ্রাম-১৩ আসনের দুই উপজেলা জুড়েই এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে।
ইএইচ