উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:৪৬ পিএম
কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে উর্বর টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে লানজু সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তবকপুর ইউনিয়নের আব্দুল মোন্নাফকে স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, ফসলি জমিগুলো থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় জমি স্থায়ীভাবে উর্বরতা হারিয়ে ফেলছে। মাটি কাটার ফলে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এসব মাটি মূলত ব্রিক ফিল্ড বা ইটভাটায় ইট তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে। কৃষিজমির মাটি ইট তৈরিতে ব্যবহার করায় কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছিল এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, "কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
ইএইচ