ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬, ০৩:২২ পিএম
'আমার সংবাদ'-এ খবর প্রকাশের পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আন্দিয়াপুকুর এলাকার অসহায় নব্বই-ঊর্ধ্ব বৃদ্ধা ফুলমনি মুরমুর পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান।
শুক্রবার সকাল ১০টার দিকে তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাবার চাল, ডাল, তেল, কাঁচাবাজারসহ শীতবস্ত্র এবং শাড়ি নিয়ে বৃদ্ধার বাড়ি গিয়ে হাজির হন তিনি।
এর আগে গত ২৯ ডিসেম্বর "সন্তানের জন্য বোঝা এখন বৃদ্ধা মা" শিরোনামে 'আমার সংবাদ'-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিবের নজরে আসলে তিনি তার সহায়তার ব্যবস্থা করেন।
বৃদ্ধা ফুলমনি মুরমু বিধবা হয়েছেন অনেক আগে। তার চার ছেলে ও দুই মেয়ে। সবাই বিয়ে করেছেন। বড় তিন ছেলে বিয়ে করে পাশাপাশি থাকলেও ভরণপোষণ তো দূরের কথা, দেখতেও আসেন না তারা। তার ছোট ছেলে তার সাথে থাকতো এবং তার দেখাশোনাও করতো। বেশ কিছুদিন আগে ছেলেটি মারা যায়। মৃত ছেলের একমাত্র সন্তান স্যামুয়েলকে আঁকড়ে ধরে এখন বেঁচে আছেন ফুলমনি মুরমু।
কথাগুলো বলতে গিয়ে তার চোখ-মুখে ফুটে ওঠে দীর্ঘদিনের বেদনা। চোখ দুটি হয়তো কারও জন্য অপেক্ষা করছে। পাশেই তাঁর দেহের মতোই জীর্ণ কাঠামো নিয়ে কোনোমতে দাঁড়িয়ে আছে একমাত্র মাথা গোঁজার বাড়িটি। বাড়িটি দেখে বোঝাই যাচ্ছে বহুদিন মেরামত না করার কারণে ঘরের টিন একেবারেই নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভেঙে গেছে ঘরের একপাশের দেওয়াল। ঘরের বারান্দায় একটি পুরোনো চৌকি পেতে নাতিকে নিয়ে কোনো রকমে রাত যাপন করেন তিনি। মাথার ওপর ভাঙা টিনের ছাদ থাকলেও সেখানে নেই নিরাপত্তা, নেই স্বস্তি। ১৩ বছরের নাতি স্যামুয়েল হেমব্রম মানুষের বাড়ি বাড়ি গিয়ে টুকটাক কাজ করে অথবা অন্যের গরু-ছাগল মাঠে চরিয়ে যে সামান্য আয় করে, তা দিয়েই চলছে দাদি-নাতির দিন।
ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান জানান, সন্তান থাকা সত্ত্বেও তিনি চরম অবহেলায় দিন কাটাচ্ছেন। এটি শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ব্যর্থতা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মানবিক দায়িত্ব থেকে পাশে দাঁড়িয়েছি; অল্প কয়েকদিনের মধ্যেই বৃদ্ধা ফুলমনি মুরমুর বসতঘরসহ টিনের চালা মেরামত করে দেওয়া হবে।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের জন্য দোয়া কামনা করেন।
ইএইচ