মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি
জানুয়ারি ৫, ২০২৬, ০৫:২৯ পিএম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ রিভারঘাট পোস্টের হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুঁড়ি ফেলে পালিয়ে যায়। প
রবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় অবৈধ ৮৩.৮৫ ঘনফুট সেগুন কাঠ আটক করা সম্ভব হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২ লক্ষ ৯ হাজার ৬২৫ টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি করেছে। এ কারণে মারিশ্যা জোন চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিযান শেষে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ