আরিফ হোসেন, বরিশাল ব্যুরো
জানুয়ারি ৬, ২০২৬, ০৮:১৭ পিএম
নির্বাচনী এলাকার সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে নির্বাচন করতে চান বরিশাল-৩ এবং বরিশাল-৫ আসনের দুইজন সংসদ সদস্য প্রার্থী। তাদের সহায়তা করার জন্য বিকাশ ও নগদ নম্বর দিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
বিষয়টি বিদ্যুৎ গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে দেখলেও কেউ কেউ স্বাভাবিকভাবে না নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন।
রোববার রাতে এই সংক্রান্ত ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সাথে প্রচার করে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।’
তিনি আরও লিখেছেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি, ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই।’
এরপর তিনি লিখেছেন, জনতার টাকায় জনমুখী রাজনীতিতে যারা সাহায্য করতে চান তারা যেন তাঁর দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে টাকা পাঠান।
অপরদিকে বরিশাল-৫ (সিটি কর্পোরেশন ও সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী মাটির ব্যাংক এবং বিভিন্ন মাধ্যমে সর্বস্তরের ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নির্বাচনী ব্যয় মেটাতে আর্থিক সহায়তা চেয়েছেন।
সোমবার বরিশালে এক সংবাদ সম্মেলনে বরিশাল-৫ আসনের মই প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, “সংসদ ভবন কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক জনগণের অধিকার আদায়ের হাতিয়ার। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম বেগবান করতে আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সমর্থন ও ভোট প্রত্যাশী। নির্বাচনের বিপুল ব্যয় নির্বাহে আমরা আপনাদের সহযোগিতা চাই।” এজন্য সহযোগিতা করতে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দিয়েছেন তিনি।
এদিকে দুই প্রার্থীর এমন আবেদনে অনেকে সাড়া দিলেও কেউ কেউ বিরূপ মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে অনেকেই হাসি-ঠাট্টা করেছেন। তবে তাদের এমন আবেদনকে অনেকেই সাদরে গ্রহণ করে লিখেছেন, শত কোটি টাকার মালিক সংসদ সদস্য প্রার্থীদের বিরুদ্ধে লড়তে জনগণই সৎ প্রার্থীর পাশে থেকে সাহায্য করবে।
ইএইচ