আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা)
জানুয়ারি ৭, ২০২৬, ০১:৩৬ পিএম
আশুলিয়ায় মাদকের বিষ ছড়িয়ে দেওয়া চিহ্নিত কারবারিদের বিরুদ্ধে ডিবি (উত্তর) ঢাকা জেলা চালিয়েছে ঝটিকা অভিযান। অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গত ৬ জানুয়ারি রাত ৮টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুবেল ইসলাম রাশেদ (২০), সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নুর আলম (২৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যা তারা আশুলিয়া ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রুবেল ইসলাম রাশেদের বিরুদ্ধে আগেও ২টি এবং সোহাগ আহম্মেদ রাব্বির বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হয়েও তারা পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
ডিবি জানায়, মাদকের ভয়াল নেটওয়ার্ক ভেঙে দিতে গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা রুজু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৪(ক) অনুযায়ী আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ