অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর)
জানুয়ারি ৭, ২০২৬, ০৩:২০ পিএম
দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-নবাবগঞ্জ-বিরামপুর) আসনে বিএনপি ধানের শীষ প্রতীকের একক প্রার্থী চূড়ান্ত করায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন পর এই আসনে দলীয় একক প্রার্থী পাওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দিনাজপুর-৬ আসনে অভিজ্ঞ ও তৃণমূল-সমর্থিত ডা. এজেডএম জাহিদ হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, গত ৩০ বছরে নানা রাজনৈতিক বাস্তবতায় এই আসনে ধানের শীষ প্রতীকের নিজস্ব প্রার্থী না থাকায় দলের সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির ছিল।
তবে এবার একক প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দল নতুন করে সংগঠিত হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘদিন পর ধানের শীষের প্রার্থী পাওয়ায় তারা আশাবাদী। জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে তারা মাঠে নামবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মনোনীত প্রার্থী ডা. জাহিদ হোসেন সদ্যপ্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত। পড়াশোনার পাশাপাশি তিনি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। রাজনীতির পাশাপাশি পেশাজীবনেও তিনি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পেয়েছেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ তাকে নির্বাচনি এলাকায় একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত করেছে।
বিশ্লেষকদের মতে, দিনাজপুর-৬ আসনে ধানের শীষের ত্যাগী প্রার্থী মাঠে নামায় নির্বাচনি সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এই আসনে বিএনপির একটি শক্ত ভোটব্যাংক রয়েছে, যা দীর্ঘদিন প্রকাশের সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচন হতে পারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ।
ইএইচ