ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ
জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা এবং দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আরসি) কলেজ মাঠে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জিয়া উদ্দিন সুজনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি রাজিব আহসান বলেন, ক্ষমতা ও উচ্চ অবস্থানে থেকেও বেগম খালেদা জিয়ার মধ্যে কখনো অহংকার, প্রতিহিংসা কিংবা প্রতিশোধপরায়ণতার প্রকাশ দেখা যায়নি; বরং বিনয়, সহনশীলতা ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই ছিল তার। তিনি শুধু বিএনপির নেত্রী নন, জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। পৃথিবীর ইতিহাসে এত মানুষ কারো জানাজায় উপস্থিত হয়েছে কি না আমি জানি না, যা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাজায়। বেগম খালেদা জিয়া আমার শিক্ষক ছিলেন! আমরা খালেদা জিয়ার মতো জীবন চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের স্মরণ করে। মানুষ দোয়া করবে, ভালোবাসবে। তিনি প্রতিহিংসার রাজনীতি করেননি।
এ ছাড়া শোকসভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাতারহাট উত্তর বাজার বড় জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ।
ইএইচ