কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬, ০১:১৬ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ থেকে মাছ খালাসের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক জিসানের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ৭৭ ঘণ্টা পর বুধবার রাত ৯টা ৩০ মিনিটে কর্ণফুলীর ডাঙ্গারচর বিএসসি ৯ নম্বর ঘাট এলাকার নদীর চরে তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা নদীর পাড়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর আগে গত রোববার বিকেলে কর্ণফুলী উপজেলার ইছানগর সি রিসোর্স জেটিঘাট সংলগ্ন নদীতে দুর্ঘটনাটি ঘটে। নিহত জিসান চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মেডিকেল রোড এলাকার দারোগা বাড়ির বাসিন্দা। তিনি মুহাম্মদ হেলালের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সি রিসোর্স গ্রুপের মালিকানাধীন ফিশিং জাহাজ এফবি এগ্রো ফুড–৪ থেকে টেন্ডারের মাধ্যমে মাছ কেনে মনির এন্টারপ্রাইজ। জাহাজ থেকে মই ব্যবহার করে সাম্পানে মাছ নামানোর সময় জিসান ও সাদ্দাম নামে আরেক শ্রমিক পা পিছলে নদীতে পড়ে যান। এ সময় সাদ্দামকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও জিসান নদীর স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে নৌ পুলিশ এবং কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
চরপাথরঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মাহমুদুল হক সুমন বলেন, মাছ খালাসের সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। জোয়ার-ভাটার স্রোতের কারণে প্রায় ৭৭ ঘণ্টা পর মরদেহটি নদীর চরে আটকে থাকতে দেখা যায়।
নৌ পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, উদ্ধার করা মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইএইচ