রাজস্থলী প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬, ০৪:১৫ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে জনসচেতনতামূলক উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়।
বৈঠকের প্রধান লক্ষ্য ছিল নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করা। কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খান। তিনি বলেন, "জনগণই ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পথ নির্ধারণ করে। তরুণ ও নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হওয়া সম্ভব নয়। কোনো প্রলোভন বা ভয়-ভীতির কাছে নত না হয়ে সচেতনভাবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে।"
এ সময় বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাহ্লা মারমাও বক্তব্য দেন। তিনি মনে করেন, নারীদের সচেতন করতে এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
বৈঠকের শুরুতে তথ্যচিত্র ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে উপস্থিত ভোটারদের নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে শতাধিক নারী ও তরুণ ভোটার অংশ নেন।
কাপ্তাই তথ্য অফিস জানিয়েছে, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে এমন প্রচারমূলক কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
ইএইচ