জহিরুল হক রাসেল, কুমিল্লা
জানুয়ারি ১১, ২০২৬, ০৭:১৪ পিএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিদলাই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ীরা কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ১০ জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সাতটি দোকানের সব মালামাল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, দুলাল মিয়া, ফোরকান ফরিদ, সোহেল মাসুদ, সারোয়ারুল হক, রুহুল আমিন, আবু তাহের ও লিটন মিয়া।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর পার্শ্ববর্তী বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাওল আকবর বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হই, এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সাতটি দোকানে আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, শিদলাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
ইএইচ