টাঙ্গাইল প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৩৭ পিএম
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেউপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ২০০ পিস নেশাজাতীয় দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শফিকুল ইসলাম নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রোববার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ এবিএমএস দোহার তত্ত্বাবধানে এসআই মো. আবু সিদ্দিকের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ গোপনে খবর পেয়ে দেউপুর পূর্বপাড়ায় অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত মহের উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলামের কাছ থেকে ২০০ পিস বিক্রি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত ঘটনায় কালিহাতী থানায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত মো. শফিকুল ইসলামকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
ইএইচ