ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩০ পিএম
জনস্বাস্থ্যের উন্নয়ন ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটির সৌজন্য ও সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী ঘোড়াঘাট নুরজাহানপুর অব. সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় এখানে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যয়বহুল চিকিৎসার এ সময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য বড় স্বস্তির। স্থানীয় সচেতন মহলও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।
মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিভাগ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, কার্ডিওলজি, অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি, অবস ও গাইনি, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, ডেন্টাল ইউনিট, নাক-কান-গলা বিভাগ এবং চর্ম ও যৌন রোগ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এ সময় শত শত রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণের সুযোগ নিতে দেখা যায়।
আয়োজক টিএমএসএসের ডেন্টাল বিভাগের প্রধান ডা. রাকিবুল হাসান খান জানান, সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পাওয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়। এখানে ক্যাম্পে রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং ফ্রি ওষুধ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইএইচ