ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৪২ পিএম
বরিশাল-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান এর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টার সময় রাজিব আহসান এর বদরপুর ওয়ার্ডে অবস্থিত নিজ বাড়ির আঙিনায় আয়োজন করা হয় যোগদান অনুষ্ঠানের।
আনুষ্ঠানিকভাবে রাজিব আহসান এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের বরণ করে নেন বিএনপির প্রার্থী।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিহাব আহমেদ সেলিমের সঞ্চালনায় বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান বলেন, যারা যোগদান করেছেন তাদের এ যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখেছেন। এখন আবার বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সাথে এসেছেন। পাশাপাশি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছেন। অতীতেও আপনারা আমাদের দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন। আপনারা আমাদের পরিবারের লোক হয়ে গেলেন।
বিএনপিতে যোগদানকৃতদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান।
তিনি বলেন, আমি আজকের আগে থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম। ২৪শের নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। কিন্তু মনোনয়ন ফরম জমা দেইনি, কারণ দলের সাংগঠনিক কার্যক্রমে অনেক ঘাটতি রয়েছে। জাতীয় পার্টি এরশাদ সাহেব এর সময় যে একটা সংগঠন ছিল সেই সংগঠনের মধ্যে একটা ঘুণপোকা ধরে মরে গেছে। চিন্তাভাবনা করে দেখলাম মরা গাছে আর পানি ঢেলে লাভ নেই, এ গাছ আর সতেজ হবে না।
তিনি আরও বলেন, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের সাথে সমর্থন করে তার সিপাহিশালা হিসাবে আমার এলাকার বিএনপির প্রার্থী রাজিব আহসানের প্রেমে আসক্ত হয়ে বিএনপিতে যোগদান করেছি। একই সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানার জাতীয় পার্টির সকল স্তরের কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করলাম। একই সাথে হিজলা উপজেলার আংশিক নেতাকর্মী যোগদান করেছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আক্কাস আলী সিকদার ও সাংগঠনিক সম্পাদক রোমান ফকির প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি নেতারা নবযোগদানকৃত নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করেন।
ইএইচ