আল-আমিন, নীলফামারী
জানুয়ারি ২০, ২০২৬, ০৫:১০ পিএম
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হেদায়েত আলী শাহ্ ফকিরসহ ৯ জন ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন।
ফুলের তোড়া দিয়ে বরণ অনুষ্ঠানে নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে নাম লেখান। যোগদানকারী সদস্যদের মধ্যে তিনজন নারী ইউপি সদস্যও রয়েছেন। তারা হলেন- মনি বেগম, আঞ্জু আরা বেগম ও মমতা বেগম। অন্য সদস্যরা হলেন মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী এবং মহম্মদ মজনু।
নেতৃবৃন্দের বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এই জনপ্রতিনিধিদের যোগদান তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করবে। জেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানের কারণ যোগদানকারী জনপ্রতিনিধিরা জানান, বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতিতে থেকে জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। তাই আদর্শিক কারণেই তারা ধানের শীষের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি জাতীয় পার্টি ছেড়ে নীলফামারী সদরের তিন জন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছিলেন। বর্তমান নির্বাচনকে সামনে রেখে জেলায় দলবদলের এই ধারাবাহিকতা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জেএইচআর