নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
জানুয়ারি ২২, ২০২৬, ০২:০৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
বুধবার প্রতীক পাওয়ার পর থেকেই জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার এশার নামাজের পর শরীয়তপুর সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়নের দরিহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের সমর্থনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন এখন আর দাঁড়িপাল্লা নেই। যারা মনে করেছিলেন অন্য মার্কায় ভোট দিলে পরকালে সুবিধা হবে, তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন আমরা কোনো বিভ্রান্তিতে পা দেব না। দেশের মানুষ এখন সচেতন। অটোরিকশা বা অন্য কোনো প্রলোভনে না পড়ে আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এমপি প্রার্থীর আহ্বান বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন আমরা দেশ গড়ার জন্য সবাই একত্রে কাজ করব। তারেক রহমান একটি কথাই বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী।
তিনি আরও বলেন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি এবং গণতন্ত্রের কথা বলতে পারছি, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। অনেক বাধা ও রক্তের বিনিময়ে এই নির্বাচন আলোর মুখ দেখেছে। আমরা যেন এই দেশকে গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাই।
উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম সাহ ও এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মৃধা নজরুল কবির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু এবং জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভা শেষে প্রার্থীরা স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
জেএইচআর