নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ হান্নানের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া নতুন বাজার চত্বর মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, নাসিরনগরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে একটি মাদকমুক্ত নাসিরনগর গড়ে তুলতে চাই, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য জনপদ উপহার দেওয়া যায়। দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল হক লিটন, অ্যাডভোকেট এম কাশেম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, মহিলা দল নেত্রী লুৎফুর নাহার পাপড়ি প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
ইএইচ