ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্পাইডার ফ্লাওয়ারে মোহিত করিমগঞ্জের চিরাতার বিল

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪৭ পিএম

স্পাইডার ফ্লাওয়ারে মোহিত করিমগঞ্জের চিরাতার বিল

প্রকৃতিতে ছুঁইছুঁই ঋতুরাজ বসন্ত। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতি নতুন প্রাণে জেগে উঠতে শুরু করেছে। চারপাশে ছড়িয়ে পড়ছে সতেজ সবুজ আর রঙিন ফুলের আবাহন। শীতের এই রঙিন ক্যানভাসে বাড়তি মাত্রা যোগ করেছে এক দৃষ্টিনন্দন ফুল স্পাইডার ফ্লাওয়ার।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কামারাটিয়া এলাকার চিরাতার বিলে এখন চোখে পড়ে এই ফুলের অপরূপ সৌন্দর্য। জনবসতি থেকে একটু দূরে, অযত্ন আর অবহেলার মাঝেই স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে ফুলটি। তবুও তার সৌন্দর্য কোনোভাবেই আড়াল করা যাচ্ছে না। সবুজের সমারোহে গোলাপি, বেগুনি আর সাদা রঙের ফুল ছড়িয়ে পড়েছে বিলজুড়ে।

সরেজমিনে দেখা যায়, ঝোপাকারে একসাথে বেড়ে ওঠা অসংখ্য গাছে ফোটা ফুল দূর থেকেই নজর কাড়ছে। লোভনীয় এই দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই শহর থেকে শতশত নারী-পুরুষ, বিশেষ করে তরুণ–তরুণী ও ফুলপ্রেমীরা ভিড় জমাচ্ছেন চিরাতার বিলে। কেউ ছবি তুলছেন, কেউ প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাচ্ছেন নিরিবিলি। স্থানীয়দের অনেকের কাছেই ফুলটির নাম অজানা। তবে সৌন্দর্যের বিচারে এর কদর কম নয়।

স্থানীয় সাংবাদিক আল আমিন জানান, তার বাড়ির পাশের চিরাতার বিলে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই ফুল ফুটে আছে। নাম জানা না থাকলেও ফুলগুলোর সৌন্দর্য যে মন ভরিয়ে দেয়, তা স্বীকার করেন তিনি। এই ফুলের স্থানীয় নাম পিউম বা হুরহুরে। এটি একটি একবর্ষজীবী, দ্রুত বর্ধনশীল বিরুৎ জাতীয় উদ্ভিদ। 

এর বৈজ্ঞানিক নাম ‘ক্লিওম হাস্লেরিয়ানা’ (Cleome hassleriana), তবে এটি স্পাইডার ফ্লাওয়ার বা পিংক কুইন নামেই পরিচিত। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও দক্ষিণ–পূর্ব ব্রাজিল এই উদ্ভিদের আদি আবাস।

এই উদ্ভিদ সাধারণত তিন থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। সবুজ কাণ্ড, ছোট ছোট পাতা আর ঝোপালো গঠনের গাছের শাখার অগ্রভাগে লম্বা মঞ্জুরিতে ধরে ফুল। প্রতিটি ফুলে থাকে পাঁচটি পাপড়ি ও ছয়টি পুংকেশর। আর্দ্র স্থানে ভালো জন্মে এবং বীজের মাধ্যমে বংশবিস্তার করে।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার পারভেজ জানান, হুরহুরে একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। এর কচি কাণ্ড ক্লান্তি দূর করে এবং দেহে শীতল অনুভূতি সৃষ্টি করে। রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হওয়ার পাশাপাশি কানের প্রদাহ, বিষাক্ত পোকামাকড়ের কামড়, খিঁচুনি ও ফোঁড়ার ব্যথা উপশমে এটি ব্যবহৃত হয়। গোল কৃমি প্রতিরোধে এর বীজও উপকারী।

তিনি আরো বলেন, আমাদের প্রকৃতি থেকে দিন দিন মূল্যবান ঔষধি উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে ইউনানি ও প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থার ওপর বড় ধরনের হুমকি তৈরি হবে। তাই এসব ঔষধি গাছ সংরক্ষণ ও পরিচর্যায় সবাইকে সচেতন হতে হবে। বসন্তের এই সময়ে চিরাতার বিলে ফুটে থাকা স্পাইডার ফ্লাওয়ার শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও রাঙিয়ে তুলছে। অচেনা নামের এই ফুল যেন নীরবে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতি যত্ন পেলে তার সৌন্দর্য আর উপকারিতা দুটোই অবারিত।

ইএইচ

Link copied!