ফেনী প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৪৮ পিএম
ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয়ভীতি দেখানোর সামর্থ্য কি আর কারো আছে? শেখ হাসিনার ভয়ভীতিকে তোয়াক্কা করেনি আমাদের তরুণ সমাজ। যারা আজকে ফেনীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলছেন, যারা আজ পেশিশক্তির হুঙ্কার দিচ্ছেন আপনাদের মনে রাখার কথা, এ প্রজন্ম তরুণ প্রজন্ম, যারা আপনাদের হুঙ্কারকে ভয় করবে না। বরং একটা মরলে আরো ১০টা দাঁড়িয়ে আপনাদের সে প্রতাপ এবং হুঙ্কারের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ।”
শনিবার দুপুরে ফেনীতে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় অফিস উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “ফেনীর প্রশাসনকে বলব, গতকাল যে ঘটনাটি ঘটেছে আপনারা সে ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেননি। এখনো কোনো পদক্ষেপ নেননি। অথচ সেদিন প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে পুলিশ সুপার বলেছিলেন যে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।”
তিনি আরও বলেন, আপনারা দেখবেন ফেনী শহরের বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সে ব্যাপারেও প্রশাসনকে আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি। সুতরাং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য প্রশাসনের যে বক্তব্য, সেটি নিয়ে আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
কার্যালয় উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, বৃহত্তর স্বার্থে আমরা যেহেতু ১০ দলীয় জোট করেছি, আমাদের জোটের পক্ষ থেকে যাকে মনোনীত করা হয়েছে তিনি হলেন দলের প্রার্থী। সেটিকে সামনে রেখে ফেনী-২ আসনে আমার প্রার্থীতা বাদ দিয়ে মজিবুর রহমান মঞ্জুকে প্রার্থী করা হয়েছে। তিনি ১০ দলের প্রার্থী। এজন্য আমরা ফেনীবাসীর নিকট আবেদন করব, আমাদের সকল দলমতের ঊর্ধ্বে উঠে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ঈগলের জন্য কাজ করব। পাশাপাশি আমরা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাই।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মজিবুর রহমান সদর উপজেলার পাঁচগাছিয়া, বালিগাঁও ও ধলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন।
এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতের সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এনসিপি জেলা সদস্য সচিব শাহ ওয়ালিউল্লা মানিক এবং খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর হোসেন জাফরীসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ