মিজানুর রহমান মিজান, লালমনিরহাট
জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৫১ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভোর আনুমানিক রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. রাশেদুল ইসলাম (২৫)। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুস সামাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকটবর্তী জমগ্রাম এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন রাশেদুল ইসলাম। এ সময় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।
এ বিষয়ে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।
ইএইচ