সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:২৯ পিএম
নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলমের নির্মাণাধীন বহুতল ভবন থেকে কাঠ পড়ে ভ্যানযাত্রী এক শিশুর মাথা ফেটে গেছে। একই সাথে শিশুটির মা ও ফুফুও আহত হয়েছেন।
রোববার বিকেলের দিকে সৈয়দপুর শহরের রংপুর রোড চেলুখাঁ পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত শিশুটির নাম সোহাগী (১২)। সে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের জাকেরগঞ্জ ডাঙ্গাপাড়ার মো. শহীদের মেয়ে।
অভিযোগ উঠেছে, আহতদের পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে এক প্রকার জোর করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সংবাদকর্মীরা গেলে জাপা প্রার্থীর লোকজন বাধা দেয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের চেম্বার তারা ঘিরে রেখেছিল।
শিশুটির ফুফু সাবিনা বলেন, আমরা ভ্যানে করে সৈয়দপুর টার্মিনাল থেকে শহরের দিকে যাচ্ছিলাম। ঘটনাস্থলে আসা মাত্রই ওপর থেকে একটা কাঠের তক্তা এসে পড়ে। এতে আমার ভাতিজির কপাল গভীরভাবে গর্ত হয়ে কেটে গেছে। আমিও মাথায় আঘাত পেয়েছি। কিন্তু ওই বিল্ডিংয়ের মালিকের লোকজন হাসপাতালে নিয়ে এসে কোনো রকমে মেয়েটার কাটা স্থানে সেলাই করে দিয়েছে। আমার দিকে তাদের কোনো নজর নেই। আমাদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য তারা ব্যস্ত।
মেয়েটির মা সেলিনা বলেন, এত বড় ঘটনা ঘটেছে অথচ তারা বলছে সামান্য ব্যাপার। পুলিশ ও সাংবাদিকরা বাধা দেওয়ায় পরে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করে ওষুধ নেওয়া হয়েছে। জানি না মেয়ের পরিস্থিতি কী হবে?
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টি বলেন, শিশুটির কপালের আঘাত গুরুতর হলেও হাড় পর্যন্ত পৌঁছেনি। কাটা স্থানে চামড়ায় দুই স্তরে মোট ১৫টি সেলাই ও ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হুদা বলেন, সম্ভবত যারা শিশুটিকে নিয়ে এসেছিল তারা এখানে রাখতে চায়নি। তবে ডিউটি অফিসার জানিয়েছেন পরিবারের সম্মতিতেই তাদের যেতে দেওয়া হয়েছে।
এলাকার লোকজন বলেন, নির্মাণাধীন বহুতল ভবনটি রেলওয়ের বাংলো নং ৩০ এর জায়গায় করা হচ্ছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলেও কাজ বন্ধ করেননি সাবেক এমপি (২০২৪ সাল) ও ত্রয়োদশ নির্বাচনে লাঙ্গল মার্কার প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলম। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনও (দুদক) এই ঘটনায় মামলা দায়ের করেছে। ব্যস্ততম সড়কের পাশে এমন নির্মাণকাজ চললেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।
জাপা প্রার্থী আলহাজ সিদ্দিকুল আলম বলেন, এটা নিছক একটা দুর্ঘটনা। শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে সংবাদ করার কিছু নেই। তবে নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
ইএইচ