জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:৪৪ পিএম
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশী কান্দারপাড়া এলাকায় অন্যের জমিতে জোর করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
এলাকার মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে ঘটনাটি উপজেলার চরশী কান্দারপাড়া এলাকায় ঘটেছে।
এ ব্যাপারে জমির মালিক মো. আমির উদ্দিন ও নূরজাহান বেগম বলেন, মোখলেছুর রহমানের নেতৃত্বে আমাদের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে যায় এবং কিছু কাঠ গাছ কেটে ফেলে। পরে তাদের এসব কর্মকাণ্ডের চিত্র মোবাইল ফোনে ভিডিও করতে গেলে আমির উদ্দিনের স্ত্রী নূরজাহান বেগমের হাতে থাকা রেডমি মোবাইল সেটটি ছিনিয়ে নেয় ওই নেতৃত্বদল।
এ ব্যাপারে জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আমির উদ্দিন বলেন, আমার নির্বাচনী কাজে বাধাগ্রস্ত করার জন্য চক্রটি সুযোগ বুঝে আমার জমির ভেতর দিয়ে জোরপূর্বক মাটি কেটে রাস্তা নির্মাণ করছে।
এলাকাবাসী জানান, ওই জমি নিয়ে জামালপুর আদালতে মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আমি এখনও অবগত নই।
ইএইচ