কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:২৫ পিএম
কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এসেট প্রজেক্টের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম ও জেলা বিসিক কার্যালয়ের জরিপ ও তথ্য কর্মকর্তা শিরিন ইসলাম।
মেলায় দেশের খ্যাতনামা ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেয়।
আয়োজকেরা জানান, হাতে-কলমে কারিগরি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা দেখে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
মেলা শেষে অতিথিরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।
ইএইচ