সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:২৮ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)।
শনিবার ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে বলারদিয়ার এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় আমিনুলের বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে শনিবার সকালে আটক যুবককে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, বলারদিয়ার থেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ