সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:০১ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) আমিনুল ইসলাম বুলবুল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা তারান্নুম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে সাথী দাস বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে আমাদের সচেষ্ট থাকতে হবে। এতে মেধা বিকাশের পাশাপাশি তারা বিপথগামিতা থেকে দূরে থাকবে। কঠোর পরিশ্রম করলে কোনো প্রতিকূলতাই লক্ষ্য পূরণে বাধা হতে পারে না।’
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমিনুল ইসলাম বুলবুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা জীবনে কী হতে চাও, সে বিষয়ে একটি সুন্দর লক্ষ্য নির্ধারণ করো। লক্ষ্য পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম শুরু করে দাও। আমি নিজে বহু প্রতিকূলতা মোকাবিলা করে শিক্ষকদের সহযোগিতায় আজ এ পর্যায়ে এসেছি।’
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ