সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৫১ পিএম
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত ঐক্যবদ্ধ কাপাসিয়া গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার বিকেলে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহ রিয়াজুল হান্নান বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে জান্নাত পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে তারা। এসব বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত হবে।
তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান সোহাগ মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান। সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান সোহাগ বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, সাবেক কোষাধ্যক্ষ মো. আলী আকবর ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বদরুজ্জামান জামান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, প্রবাসী বিএনপি নেতা আলম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মতিউর রহমান ও টিপু সুলতান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ।
শাহ রিয়াজুল হান্নান হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অতীতে তারা তাঁর পিতাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তিনি বিজয়ী হলে পিতার অসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।
তিনি প্রতিশ্রুতি দেন, দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকারদের কর্মসংস্থান এবং বয়স্ক ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো হবে। এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ইএইচ