জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:১১ এএম
পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ 'নতুন বাংলাদেশ' গড়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ের উন্নয়নের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে। আমরা পাহাড়ী-বাঙালিদের বন্ধুত্ব চাই। কেউ কারো প্রতিপক্ষ নয়, আমরা সম্প্রীতি চাই।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগর, গাজীনগর, পলাশপুর, বাবুপাড়া, চৌধুরীপাড়া, মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
বিগত সতেরো বছর উন্নয়নের নামে লুটপাট আর দুশাসন ছিল উল্লেখ করে ওয়াদুদ ভূইয়া বলেন, দুর্নীতি ও দুশাসন মুক্ত বাংলাদেশ গঠন করতে হলে বিএনপি তথা তারেক রহমানের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে দুশাসন দূর ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া উপস্থিত ছিলেন,। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার এবং মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
ইএইচ