ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১০:৫৮ এএম

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলের খারকিভে। সেখানে একটি ডাকবিভাগের টার্মিনালে হামলায় ২৪ থেকে ৬২ বছর বয়সী চারজন নিহত হন। রাজধানী কিয়েভে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। এছাড়া দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া এবং উত্তর-পূর্বাঞ্চলের সুমি শহরে আরও তিনজন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর কিয়েভে এটি সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, এ হামলায় রাশিয়া ৪১টি ক্ষেপণাস্ত্র ও ১২৫টি ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র এবং ১০৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে রোববার গভীর রাতে কৃষ্ণসাগরে শস্যবাহী তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক মালবাহী জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির নৌবাহিনীর দাবি, এতে পাঁচজন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।

অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে কিয়েভ। জেলেনস্কি বলেন, কৃষ্ণসাগরে রাশিয়ার তিনটি তেলবাহী ট্যাংকারে সফলভাবে আঘাত হানা হয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের স্তাভরোপল অঞ্চলের তিনটি তেল সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। তার দাবি, এসব স্থাপনা রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্তাভরোপল অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি শিল্পপার্কে আগুন লাগে। একই সময়ে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম জানায়, তাদের কৃষ্ণসাগর টার্মিনালে হামলার ফলে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে তেল লোডিং কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।

জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১ হাজার ৪৫০টি ড্রোন, ১ হাজার ৬৪০টির বেশি নির্দেশিত বোমা এবং ৯৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। কিয়েভের দাবি, এসব হামলায় রাশিয়ার প্রায় ৪৩ শতাংশ তেল পরিশোধন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ক্রমবর্ধমান রুশ হামলার প্রেক্ষাপটে ইউরোপীয় মিত্রদের কাছে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

সূত্র: বিবিসি

এম জি

Link copied!