রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:৩৫ পিএম
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন।
শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক আব্দুল হাকিম, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এর আগে গতকাল ৫ ফেব্রুয়ারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়। ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা বালুর মাঠ এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদুল কবীর তালুকদার শামীম। তৃণমূলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
ডা. মো. কামরুল হাসানের সার্বিক পরিচালনায় ক্যাম্পে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচ