বগুড়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৫২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশব্যাপী প্রযুক্তিনির্ভর ও পেশাদার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এরই অংশ হিসেবে শুক্রবার বগুড়ায় একটি নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মাধ্যমে বাহিনীর নির্বাচনকালীন প্রস্তুতি ও সদস্যদের প্রতি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরা হয়।
বগুড়ায় সরাসরি উপস্থিতির পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও এ সমাবেশে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মহাপরিচালক তার বক্তব্যে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সব সদস্যকে অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, পেশাদারিত্বের সাথে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের আমানত ও বাহিনীর সম্মান অক্ষুণ্ণ রাখা সম্ভব।
তিনি উল্লেখ করেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও বাহিনীর অপব্যবহার সংক্রান্ত বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অপরিহার্য। সততা ও পেশাদারিত্বই হবে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর জবাব।
মহাপরিচালক বলেন, অতীতে যারা অনিয়মে সহায়তাকারী ব্যক্তিদের মাধ্যমে আনসার বাহিনীকে কলঙ্কিত করেছে, তারাই আজ তরুণনির্ভর সুষ্ঠু নির্বাচনের ডিজিটাল আয়োজনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। এভিএমআইএস ও এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সদস্যদের পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি জানান, দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা অটোমেশনের মাধ্যমে সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করতে ইতিমধ্যে সমন্বয় শেষ করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ ও মৌলিক অধিকার সংরক্ষণেও বাহিনী গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে আরও শক্তিশালী করা হয়েছে এবং জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাপনী বক্তব্যে মহাপরিচালক প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরপেক্ষতা ও সততার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা জোরদার করবে।
ইএইচ