রাশেদুল ইসলাম, কক্সবাজার
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:০৪ পিএম
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করা ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার সকাল থেকে উখিয়া উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, অভিযান এখনো চলমান রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় আটকের এ সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী।
ইএইচ