আরিফ হোসেন, বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:২১ পিএম
দেশপ্রেমিকরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিহিংসার রাজনীতি দূর হবে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে।
রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে নির্বাচনী পথসভায় বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের এ প্রার্থী এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের পক্ষের ও স্বাধীনতার পক্ষের লোক এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, সেই ধরনের নৌকার ভোটারদের জন্য এ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই ধানের শীষের নেতা-কর্মীদের কাজ হলো নিরীহ শান্ত নৌকার মার্কার ভোটারদের সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া।’
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার এ রাজনীতি নিয়ে এবারের নির্বাচনে একমাত্র ব্যালট হচ্ছে ধানের শীষ। এ বার্তা অমুসলিম ভাই-বোনদের কাছে পৌঁছে দিতে হবে। অমুসলিম ভাই-বোনদের নিরাপত্তার দায়িত্ব তারেক রহমানের পক্ষ থেকে নিজে নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যদি কেউ তাদের অধিকারে আঘাত করে তবে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।
উপজেলার ধানডোবা এলাকায় জনসংযোগ শেষে নেতা-কর্মীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে ফাঁদ পেতেছে এবং উত্তেজনা তৈরি করতে চাইবে। তাই বিজয় আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য বজায় রাখতে হবে। নির্বাচনী ফলাফল গেজেট আকারে না আসা পর্যন্ত সব ধরনের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার জন্য তিনি নেতা-কর্মীদের আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু ও জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু।
ইএইচ