বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৪৩ এএম
ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত গুলি থানায় জব্দ রয়েছে।
জানা যায়, উপজেলার বোয়ালমারী ইউনিয়নের কালিয়ান্ড মাদরাসার সামনে একটি মুদিখানা দোকানের বেঞ্চিতে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো পড়েছিল। রাত সাড়ে আটটার দিকে দোকানদার নামাজ পড়ে এসে গুলি দেখে থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন গুলি উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
এএন