ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:৩১ পিএম
দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতা নিয়ে দুর্বিষহ জীবন পার করছিলেন তারা। ঘরের ভেতরে সামান্য নড়াচড়া কিংবা বাইরে যাওয়ার কথা ছিল কল্পনাতীত।
প্রতিটি দিন কেটেছে অন্যের ওপর নির্ভর করে। তবে একটি হুইলচেয়ার যেন বদলে দিয়েছে তাঁদের জীবনচিত্র। চলাফেরার চরম ভোগান্তিতে থাকা এসব মানুষের মুখে এখন স্বস্তির হাসি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট পৌর শহরের খেতাব মোড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডা. জাহিদ হোসেনের পক্ষ থেকে ২১টি অসহায় পরিবারের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার পাওয়া ৭০ বছর বয়সী জাবেদ আলী বলেন, ‘আগে মানুষ ডাইকা তুলতে হইত, এখন নিজেই চলাফেরা করতে পারব। এইটা শুধু একটা চেয়ার না, এইটা হামার আত্মসম্মান। আগে মানুষদের কাছে সাহায্য চাওয়া লজ্জার ছিল, এখন আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারব।’
আরেক উপকারভোগী লিপ্ত রবি দাস জানান, অভাবের সংসারে অসুস্থ হওয়ায় কোলে-কাঁধে করে বাইরে নেওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। হুইলচেয়ার পাওয়ায় এখন সহজেই চলাফেরা করা যাবে এবং চিকিৎসাসেবা নেওয়া সহজ হবে।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, ‘ডা. জাহিদ হোসেন সবসময় অসহায় মানুষের পাশে থাকতে বিশ্বাস করেন। এ হুইলচেয়ার বিতরণ কর্মসূচির মাধ্যমে শারীরিকভাবে অক্ষম মানুষগুলো যেন সম্মানের সাথে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, কোষাধ্যক্ষ আনারুল ইসলাম শিপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, শ্রমিক দলের মাহফুজুল ও জুলাই যোদ্ধা দিসান চৌধুরীসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইএইচ