রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:২১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ সমন্বয় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে রাজস্থলী সাব জোনের উদ্যোগে ‘রণজয়ী ৩৮ বীর’ এই সভার আয়োজন করে।
সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় টহল কার্যক্রম বৃদ্ধি এবং সকল বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজস্থলী সাব জোন কমান্ডার ও কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, নির্বাচনের সময় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি সকল সংস্থাকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
মেজর জিয়া আরও জানান, সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের দিন সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। এ ছাড়া ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় যেকোনো ধরনের গুজব বা নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে পোলিং সেন্টার এলাকায় বিশেষ অবস্থান নিশ্চিত করার কথা জানানো হয়েছে।
সমন্বয় সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সকল সংস্থা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
জেএইচআর