মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:২০ পিএম
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত প্রেসক্লাবের অফিসে এই হামলা চালানো হয়। এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। হামলাকারীরা অফিসকক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী লুটে নিয়ে যায় তারা।
ঘটনার সময় অফিসে কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য সদস্যদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা-জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।
এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তাঁরা বলেন, সাংবাদিকদের সংগঠনের ওপর এই হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাঁরা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগ পেলে পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার পর থেকে মহেশপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
জেএইচআর