রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর)
ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৪৪ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে চলতি বোরো মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে শ্রম বিক্রির হাট। সরিষাবাড়ী উপজেলার সদর সহ আশপাশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে আগত দিনমজুররা এখানে শ্রম বিক্রির উদ্দেশ্যে সমবেত হয়ে দাঁড়িয়ে থাকেন। এ শ্রম বিক্রির হাট প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বসছে বড় এ শ্রমের হাট। যেখানে কৃষি কাজের জন্য প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ দিচ্ছেন স্থানীয় কৃষক ও জমির মালিকরা।
খোঁজ নিয়ে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পাশাপাশি জামালপুর জেলার ইসলামপুর, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলা থেকে বহু শ্রমিক এখানে সমবেত হন। এছাড়াও দূরবর্তী রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকেও অনেক শ্রমিক শ্রম বিক্রির আশায় ভোরবেলা থেকে সারাদিন এসে জড়ো হন।
সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার ট্রাক সমিতির মোড় এলাকায় গিয়ে দেখা যায়, এখানে শত শত শ্রমিক কাজের অপেক্ষায় অবস্থান করছেন। কেউ ধান রোপণ, কেউ জমি প্রস্তুত, আবার কেউ সেচ ও আগাছা পরিষ্কারের কাজের জন্য দরদাম করছেন। শ্রমিকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে কর্মচাঞ্চল্যময় পরিবেশ।
স্থানীয় কৃষকরা জানান, বোরো মৌসুমে কৃষি কাজের চাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হয়। এ হাটের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যায়, ফলে সময়মতো জমির কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
অন্যদিকে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার ফুলছডি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের ফজলেপুর গ্রাম থেকে অনেক শ্রমিক শ্রম বিক্রির জন্য আসা নুরুজ্জামান, রবিউল, আশরাফুল শ্রমিকরা বলেন, আমরাও কৃষক, আমাদের জমিতে বোর ধান লাগানো শেষ হয়েছে। তাই আমরা অলস বসে না থেকে শ্রম বিক্রি করতে এখানে আইসি। তারা আরও বলেন, একসঙ্গে অনেক কৃষকের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় এখানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ন্যায্য মজুরি নিয়ে দরদামও করা যায়।
বোরো আবাদ চলমান থাকায় আগামী কয়েক সপ্তাহ এ শ্রম বিক্রির হাটে আরও ভিড় বাড়বে বলে ধারণা করছেন কৃষক ও শ্রমিকরা। কৃষি নির্ভর এ অঞ্চলে মৌসুমি শ্রমবাজার হিসেবে সরিষাবাড়ীর এ হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এএন