ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:১১ পিএম
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সহাবস্থানের ফেনী গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁদের মতে, সবাই যার যার মতো করে রাজনীতি করবে, তবে সেটি হতে হবে শান্তিপূর্ণ। সহাবস্থানের এই পরিবেশ বজায় রাখতে পারলে ফেনীবাসী স্বস্তি পাবে বলে তাঁরা উল্লেখ করেন।
বুধবার বিকেলে ফেনী পৌরসভার কনফারেন্স হলে ‘নির্বাচনোত্তর বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে এসব মত দেন বক্তারা। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমাদের মধ্যে ভয়ের সংস্কৃতি এখনো রয়ে গেছে। নির্বাচনের পর যারা জয়ী হয়, তাদের মধ্যে অনেক সময় কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়। এই ভয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং মানুষকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখতে হবে বলে তিনি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, আমরা একসময় ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। এখন হয়তো আলাদাভাবে ভোট করছি, কিন্তু ফেনীর রাজপথে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এটাই আমাদের বড় প্রত্যাশা বলে তিনি মন্তব্য করেন।
সংলাপে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক বলেন, বিএনপি এখন সরকারে আছে। দল যদি কোনো ভুল করে তবে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, এটি আপনাদের অধিকার। বিএনপি কখনো জনগণের কষ্ট হয় এমন কিছু করবে না এবং সর্বদা জনগণের কল্যাণে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা একটি সংঘাতমুক্ত ও সম্প্রীতির ফেনী গড়তে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর