আলী হাসান, জয়পুরহাট
ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:২৩ পিএম
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বৈরাগীরমোড় ও নতুনহাট হয়ে জামালগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের নতুন হাট এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। এতে শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ বছর ধরে খানাখন্দ ও বড় বড় গর্তে বিপজ্জনক হয়ে আছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়কের কাজের কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার গড়িমসি করে কাজ শুরু করছেন না। এর ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে সড়কের কাজ শুরু করা না হলে পৌরসভা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জনস্বার্থে এই দাবি আদায়ে তাঁরা রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা বলেন, প্রায় আট কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মিত হবে। আমরা ইতোমধ্যে ঠিকাদারকে কাজ শুরু করার জন্য তিন দফা তাগাদা দিয়েছি।
তিনি আরও জানান, ঠিকাদারের সাথে নতুন করে কথা হয়েছে এবং তিনি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করবেন বলে আশ্বাস দিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর