কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:৫৮ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ কর্মজীবনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সহকারী স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের সদস্যরা এই সংবর্ধনার আয়োজন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিকের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জহিরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মজিবুর রহমান ও সাবেক স্বাস্থ্য সহকারী আবদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার সেন, স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল, প্রধান হিসাব সহকারী শফিকুল ইসলাম এবং এম টি ইপিআই রিয়াজ মাহমুদ মুক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি চাকরিতে বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও একজন দক্ষ স্বাস্থ্যকর্মীর বিদায় মানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ান। তাদের শ্রম, সততা ও মানবিক আচরণই একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী স্বাস্থ্য পরিদর্শক রূপক রায়ের হাতে সম্মাননা স্মারক ও সহকর্মীদের পক্ষ থেকে নানা উপহার তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।