ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ইসলামী ফ্রন্টের ৬ দাবি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

মার্চ ৯, ২০২৬, ০৭:৫৬ পিএম

বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ইসলামী ফ্রন্টের ৬ দাবি

মাদ্রাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা পুনঃসংযোজন, মব সন্ত্রাসে নিহত আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার এবং চাকরিচ্যুত ইমাম-খতিবদের পুনর্বহালসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলের মহাসচিব মওলানা অধ্যক্ষ স. উ. ম. আব্দুস সামাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ঐতিহ্যের মূল ভিত্তি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে এই ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, মব কালচার কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। মব সন্ত্রাসীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ধর্মীয় মতাদর্শের কারণে মব সন্ত্রাসের শিকার ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আকাঈদ ও ফিকহ পাঠ্যপুস্তকে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা পুনঃসংযোজনের দাবি জানানো হয়। একই সঙ্গে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া মহানবী (সা.)-এর রওজা জিয়ারত ও উসিলা গ্রহণ সংক্রান্ত বিষয় পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

এছাড়া মব সন্ত্রাসের অজুহাতে চাকরিচ্যুত শিক্ষক, ইমাম, খতিব ও ব্যাংকারদের চাকরিতে পুনর্বহাল এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের স্বার্থবিরোধী বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল করে এসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আউলিয়া কেরামের মাজার শরীফে হামলার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত মাজার শরীফগুলো সরকারি খরচে পুনর্নির্মাণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের শিকার ইরানের জনগণের প্রতি সংহতি জানানো হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান, আগামী ১ এপ্রিল দেশের প্রতিটি থানা ও উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং ৭ এপ্রিল প্রতিটি জেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স. উ. ম. আব্দুস সামাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাছান, মুহাম্মদ আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, নাসির উদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার, সাধারণ সম্পাদক আবু নাসের মোহাম্মদ মুসা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি আজাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএন

Link copied!