কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬, ০৫:৪৮ পিএম
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার পরিবার।
মঙ্গলবার দুপুরে জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে সহায়তা ও খোঁজখবর নিতে গেলে স্থানীয় সংসদ সদস্যের কাছে মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান নিহতের পরিবার।
নিহত বাচ্চু মিয়া (৪০) কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের মেজো ছেলে। তার এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিতাকে হারিয়ে এখন মরদেহের অপেক্ষায় নির্বাক তাকিয়ে রয়েছে ছেলে-মেয়েরা।
নিহতের পরিবারের খোঁজখবর নিয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের পাশে রয়েছেন। তার পক্ষ থেকে সহায়তা নিয়ে উপস্থিত হয়েছি আমি। পরিবারটি খুবই দরিদ্র। সরকার নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে থাকবে। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ আমাদের কিশোরগঞ্জের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদসহ বিভিন্ন পর্যায়ের উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত রবিবার (৮ মার্চ) সৌদি স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। অপরজনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়।
এএন