জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
মার্চ ১০, ২০২৬, ০৬:৪২ পিএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিনির্বাপণ প্রদর্শনী মহড়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীর বিরুদ্ধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সাথে অসদাচরণ এবং মহড়ায় ব্যবহৃত ব্রাশ পাইপ লাইন ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, দিবসটি পালন উপলক্ষে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রদর্শনী মহড়া পরিচালনা করছিলেন। মহড়া চলাকালীন সময়ে সেখানে উপস্থিত পিআইও নুরুন্নবীর সাথে সদস্যদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি মহড়ায় ব্যবহৃত ব্রাশ পাইপ লাইনে হাত দিয়ে সেটি ভেঙে দেন। এতে কিছু সময়ের জন্য মহড়া কার্যক্রম ব্যাহত হয় এবং উপস্থিতদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে এমন মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দায়িত্বশীল কোনো কর্মকর্তার এমন আচরণ অনাকাঙ্ক্ষিত।
রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোনায়েম বলেন, আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তা যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো যেতে পারত। কিন্তু সে পথ অনুসরণ না করে এক কর্মীর সঙ্গে অসদাচরণ করা এবং মহড়ায় ব্যবহৃত ব্রাশ পাইপ লাইনে ক্ষতি করার ঘটনাটি দুঃখজনক। বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএন